সারাদেশ

কুমিল্লা-ফেনী সীমান্তে ১ কোটি টাকার পণ্য জব্দ

কুমিল্লা-ফেনী সীমান্তে ১ কোটি টাকার পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ও ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

রোববার (২ আগস্ট) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। বিধি অনুযায়ী জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।