মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার বহনকারী গাড়ির ধাক্কায় আমির হামজা নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা গাংনী উপজেলার রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা রুটি, কলা ও ডিম নিয়ে একটি স্কুল ফিডিং গাড়ি বিদ্যালয় মাঠে প্রবেশ করছিল। এ সময় গাড়িটি পেছনের দিকে নেওয়ার সময় মাঠে থাকা শিশু আমির হামজা গাড়ির পেছনে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী আহত হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।