কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে (৩৫) গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি বিশেষ দল বাঙ্গালহালিয়ার সফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাসুম তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মাসুম তালুকদারের বিরুদ্ধে রাজস্থলী থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সোমবার তাকে চন্দ্রঘোনা থানা ও রাঙ্গামাটি কোতোয়ালি থানার পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।