গাজীপুর প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর ২৯ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সোমবার (৩ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের সড়কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী রেখে যেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়, মাদ্রাসা ও বিভিন্ন সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ মহতী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খায়রুল আলম বিএসসি, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ড. মতিজুল হক, সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ রুবেল, ছোট দেওড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লতিফুর রহমান, ছোট দেওড়া উচ্চবিদ্যালয়ের সভাপতি গোলাম হোসেন সেন্টুসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।