বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সাব-ডিভিশনের কলমচূড়া থানার আশাবাড়ী এলাকার মো. হানিফের ছেলে সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)। পুলিশ জানিয়েছে, রাব্বি পেশায় প্রাইভেটকারের চালক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকায় অভিযান চালানো হয়। বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাঁদের তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে। মামলার পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।