কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মান্নান প্রকাশ মন্নান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়া সড়কের জসিম রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়া সড়কের জসিম রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজাসহ মো. মান্নানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মান্নান ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক এলাকার মৃত জারু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে রোববার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।