শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবর্দী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল উপজেলার পাঁচমেঘাদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব প্রসাধন সামগ্রী জব্দ করে। বিজিবির হিসাবে জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, শ্রীবর্দীর পাঁচমেঘাদল সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী বাংলাদেশে আনার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বাইজিদ বলেন, সীমান্ত দিয়ে মাদক, যেকোনো ধরনের চোরাচালানি পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখা এবং যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির দিনরাত ২৪ ঘণ্টার নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
জব্দ করা প্রসাধন সামগ্রীর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।