অফিসে ঢুকে কর্মীকে মারধর ও চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার মোহাম্মদপুরে একটি আবাসন কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শুভ (৩৬), মো. ইলিয়াস (২২), মো. মহসিন, মো. রিফাত (২০), ইমন মৃধা (১৮) ও সাব্বির (২২)।
মামলার অভিযোগের বরাতে ওসি বলেন, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে আট থেকে ১০ জন নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়কে রয়েল অ্যাপার্টমেন্ট বিল্ডার্স নামে একটি আবাসন কোম্পানির কার্যালয়ে প্রবেশ করেন। তারা সেখানে ইজহারুল হক সেতু নামে এক ব্যক্তির খোঁজ করেন। এ সময় অফিস সহকারী ইমরান তাদের জানান, সেতু সেখানে নেই।
অভিযোগ অনুযায়ী, এরপর তারা সেতুর নাম ধরে গালিগালাজ করলে ইমরান প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও চাপাতি দিয়ে কোপানো হয়। পরে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়।
ইমরানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আশঙ্কায় হামলাকারীরা সেখান থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়। ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।