গ্রেপ্তারকৃত নাবিকের নাম প্রদীপ মুখার্জি (৩১)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটুরের একটি নৌ প্রশিক্ষণ কেন্দ্র থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ইস্টার্ন নেভাল কমান্ড থেকে তথ্য পাচার
পুলিশ ও তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন প্রদীপ মুখার্জি। তিনি বিশাখাপত্তনমের গুরুত্বপূর্ণ 'ইস্টার্ন নেভাল কমান্ড'-এ কর্মরত ছিলেন। সম্প্রতি একটি বিশেষ ট্রেনিং কোর্সের জন্য তিনি কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন।
তদন্তে উঠে আসে, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে পরিচয় হয় প্রদীপের। দ্রুতই তাদের মধ্যে ঘনিষ্ঠ অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের ফাঁদে পড়ে প্রদীপ বিশাখাপত্তনম নৌঘাঁটির যুদ্ধজাহাজের যাতায়াত, অবস্থান এবং অন্যান্য সামরিক কৌশলগত স্পর্শকাতর তথ্য ওই নারী এজেন্টের কাছে পাচার করতে শুরু করেন।
দীর্ঘ নজরদারির পর আটক
দীর্ঘদিন ধরে প্রদীপের গতিবিধি ও অনলাইন বার্তা আদান-প্রদান সন্দেহজনক মনে হওয়ায় তাকে সরকারের বিশেষ গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। তথ্য পাচারের সুনির্দিষ্ট প্রমাণ মেলার পরই কোয়েম্বাটুর থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কেউ জড়িত আছে কি না তা বের করার চেষ্টা চলছে।