সামিয়া আফরিন লেখেন, “আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।”
অক্টোবর মাসকে বিশ্বজুড়ে ‘ক্যান্সার সচেতনতার মাস’ স্মরণ করিয়ে দিয়ে তিনি ভক্তদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতনতার তাগিদ দেন। তিনি আরও লেখেন, “নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ই বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে।”
তার সুস্থতা কামনা করে শোবিজ অঙ্গনের সহকর্মী ও তার অনুরাগীরা ভালোবাসা ও প্রার্থনার বার্তা পাঠিয়েছেন। অভিনেত্রী মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি এবং কণ্ঠশিল্পী ফাহমিদা নবীসহ অনেকেই কমেন্ট বক্সে তাঁর দ্রুত সুস্থতার আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সামিয়া আফরিন প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। ২০২২ সালের এপ্রিলে তাঁর কোলন ক্যান্সার ধরা পড়ে এবং সিঙ্গাপুরে টানা চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। তবে চলতি ২০২৬ সালে নতুন করে তাঁর ডিম্বাশয়ে (ওভারিয়ান) ক্যান্সার শনাক্ত হয়। অতি সম্প্রতি অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের অধীনে নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন।