জাতীয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে: মাহদী আমিন

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে: মাহদী আমিন

 

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সরকারপ্রধানের ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, “বর্তমানে লাইক, শেয়ার, কমেন্ট কিংবা ভাইরাল হওয়ার এক ধরনের অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। সত্য ঘটনা জানা সত্ত্বেও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো সুস্থ রাজনীতির সংস্কৃতি হতে পারে না।”

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও স্পষ্ট করেন, “গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ছবিটি প্রকাশ করা হয়েছে, তা সরাসরি হোয়াইট হাউস থেকে প্রদান করা হয়েছে। এমনকি রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসও তাদের অফিসিয়াল মাধ্যমে ছবিটি শেয়ার করেছে। যা সত্য ও ন্যায্য, তা আলাদা করে স্পষ্ট করার কিছু নেই। মার্কিন দূতাবাস নিজেই ছবিটি শেয়ার করার পর এর চেয়ে বড় কোনো প্রমাণের প্রয়োজন থাকে না।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ হওয়াটাই স্বাভাবিক প্রক্রিয়া। বৈঠকে তাঁদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো বা মিথ্যাচার করার কোনো অবকাশ নেই বলে তিনি জানান।