রাজনীতি

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

 

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিমানবন্দরের চরম অব্যবস্থাপনা, ট্রলি সংকট ও লাগেজ পেতে দীর্ঘ বিলম্বের বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্প্রতি জামায়াতে যোগ দেওয়ায় রাজনৈতিক আক্রোশ থেকেই এ সাজানো মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটানো হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, জ্যেষ্ঠ ও অসুস্থ এই সাবেক সংসদ সদস্যকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে তুলে হেনস্তা করা হয়েছে। গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে কারাগারে ডিভিশন দেওয়া হয়নি। বিচার বিভাগের ওপর রাজনৈতিক চাপ থাকায় জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও তার জামিন নামঞ্জুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভূমিকার সমালোচনা করে জামায়াত নেতা বলেন, আদালতে বিএনপির আইনজীবীরা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে আখতারুজ্জামানের আইনজীবীদের ওপর হামলা প্ররোচিত করেছেন, যা কর্তৃত্ববাদী আচরণেরই বহিঃপ্রকাশ।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ক্ষোভের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, অবিলম্বে আখতারুজ্জামানকে মুক্তি না দিলে প্রবাসীরা কঠোর কর্মসূচির পথ বেছে নিতে পারেন।

উক্ত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।