বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার যে পথ দেখালো ইরান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার যে পথ দেখালো ইরান

 

রবিবার (৪ অক্টোবর) তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, আবার একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমেও সমাধান সম্ভব নয়। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই কেবল অবৈধ আগ্রাসন ও চলমান যুদ্ধের নিরসন ঘটানো সম্ভব।”

এদিকে যুদ্ধের কূটনৈতিক সমাধানের পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্তে অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মাদ বাঘের গালিবাফ জানান, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর ভিত্তিতে নির্ধারিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধই থাকবে।

গালিবাফ জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরান সাত দিনের রোডম্যাপ প্রস্তাব করার পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠালেও তেহরান নিজেদের অবস্থানে অটল রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্রের বোঝা উচিত—একতরফা শর্ত চাপিয়ে সময়ক্ষেপণ করার দিন শেষ। ইরানের অবস্থান একদম স্পষ্ট ও চূড়ান্ত।”

সামরিক ও কূটনৈতিক দুই পথেই ইরান একসঙ্গে এগিয়ে যাবে জানিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপে ইরান ভীত বা উচ্ছ্বসিত নয়। সামরিক ক্ষেত্রে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে নতুন নতুন চমকের মুখোমুখি করা হবে এবং একই সাথে কূটনৈতিক উপায়ে ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহনকারী এই নৌপথ বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেল ও গ্যাসের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।