মাদক, নারী ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত কোনো নেতার বিএনপিতে স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, লক্ষ্মীপুরে মাদক ও অপরাধকেন্দ্রিক রাজনীতির কোনো সুযোগ দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বেও ভালো মানুষদের সামনে আনার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি চৌধুরী বলেন, “কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে বিএনপিতে তার কোনো স্থান নেই।” তারেক রহমানের নেতৃত্বাধীন সময়ে লক্ষ্মীপুরের রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ভালো লোকদের যুবদলের নেতৃত্বে আনা হবে। নেতাগিরির আড়ালে কেউ লোহালক্কড় নিয়ে চলাফেরা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। লক্ষ্মীপুরে এ ধরনের রাজনীতি চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, কেউ অপকর্মে জড়িত হলে কিংবা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে থেকে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করলে বিএনপির রাজনীতিতে তার জন্য কোনো সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।
সূত্র: কালবেলা অনলাইন।




