রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং বিজয়মঞ্চে জাতীয় সঙ্গীত বাজানো পুরো জাতির জন্য এক পরম গর্বের বিষয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
তরুণ সমাজ রক্ষা ও অ্যাথলেটিকসের গুরুত্ব
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস, ডিজিটাল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে মহামান্য রাষ্ট্রপতি বলেন, "খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জন্ম দেয়। একটি সুস্থ ও বলিষ্ঠ জাতি গঠনে মাঠের সংখ্যা বাড়ানো ও খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি।"
অ্যাথলেটিকসকে 'ক্রীড়ার জননী' উল্লেখ করে তিনি বলেন, অ্যাথলেটিকসের মাধ্যমে ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা ও সহনশীলতার মূল পরীক্ষা হয়। এই ভিত্তি মজবুত হলে অন্য যেকোনো খেলায় দেশের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
ক্রীড়া খাতে সরকারের যুগান্তকারী উদ্যোগ
দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, তৃণমূল পর্যায় থেকে সব ধরণের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি জানান, সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে এবং অবৈধভাবে দখল হওয়া মাঠগুলো উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া খেলোয়াড়দের সুবিধার্থে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, জেলা পর্যায়ে স্পোর্টস ভিলেজ এবং তৃণমূল প্রতিভা অন্বেষণ কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। একইসাথে নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা এবং স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত আন্তঃক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান রাষ্ট্রপতি।
ক্রীড়া সংগঠক কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা
মরহুম ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি এই প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন থেকে আন্তর্জাতিক মানের নতুন নতুন অ্যাথলেট তৈরি হবে। বিশ্বমানের খেলোয়াড় গড়ে তুলতে তিনি দেশের ব্যবসায়ী, ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন। ৫৭টি দলের বর্ণাঢ্য মার্চ পাস্ট ও মশাল প্রজ্জ্বলনের পর রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন।




