সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আটককৃত এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। পরবর্তীতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার সংলগ্ন পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতি রোধ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং জাকারিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
হামলা ও আসামি ছিনতাইয়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, আটককৃত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় পুলিশের একাধিক দল ব্যাপক অভিযান শুরু করেছে।




