পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে চোখের চিকিৎসা ও শারীরিক পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দেওয়ায় তাকে কঠোর নিরাপত্তায় ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থা স্থিতিশীল হওয়ায় আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়। গত আগস্ট মাসের পর এই প্রথম তাকে চিকিৎসার জন্য কারাগারের বাইরে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটল। এদিকে ইমরান খানের আইনজীবীরা দাবি করেছেন যে, কারাগারে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে এবং বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত তিন বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে তার দল, যদিও বর্তমান সরকার তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এরই মধ্যে ইমরান খানের আইনি দল ও তার স্ত্রীকে কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য দেশটির একটি আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।




