য়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়া এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে। এর ফলে হাজার হাজার ফ্লাইট স্থগিত হয়ে যায় এবং বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা খুলে দেওয়ার পর জানানো হয়, এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রম সচল রয়েছে। তবে বিকেলের এই জটিলতার রেশ আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যে কারণে চলতি সপ্তাহান্তের ফ্লাইট সূচি পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো উল্লেখ করে তা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন স্পষ্ট করেছেন যে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলা বা মাইক্রোসফটের সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের কোনো সম্পর্ক নেই।




