রোববার কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। বিকল্প অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও আইএমএফের ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রসঙ্গে তিনি জানান, আইএমএফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরিকল্পনা সরকারের নেই; বরং দেশের অর্থনৈতিক সক্ষমতা ও পঞ্চবার্ষিক উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে কর্মসূচিটিকে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে।
অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন, আগের অনির্বাচিত সরকারের আমলে হওয়া সমঝোতার শর্তগুলো হুট করে কার্যকর করলে জনজীবন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ মতপার্থক্য দূর করতে কাজ করছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীদের সঙ্গে ইতিমধ্যে যে সমন্বয় সাধন করা হয়েছে, আইএমএফের ক্ষেত্রেও একইভাবে সমন্বয় করে আগামী বছরের শুরুতেই কর্মসূচিটি পুরোদমে এগিয়ে নেওয়া হবে।




