আইন ও আদালত

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:


শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে একই দিন সকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাজধানীর শাহবাগ থানাসংশ্লিষ্ট আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল তার।
এর আগে গত সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বরের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
একই আদেশে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ওই পরোয়ানার অংশ হিসেবেই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।