কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাফওয়ান নামে সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত সাফওয়ান কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া গাছবাজার এলাকার পুরান থানার মাছ ব্যবসায়ী মোহাম্মদ মিঠুন মিয়ার ছেলে।
শিশুটির মা শারমিন আক্তার অভিযোগ করেন, নিউমোনিয়ায় আক্রান্ত সাফওয়ানকে গত ৩০ জুলাই রাত দেড়টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়। এ সময় তিনি বারবার কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সহযোগিতা চাইলেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন।
স্বজনদের দাবি, শিশুটিকে দ্রুত অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হলেও দায়িত্বে থাকা নার্স শামিমা আক্তার বিষয়টিকে গুরুত্ব দেননি। একপর্যায়ে শিশুটির অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক ডা. পাপিয়া আক্তার (এমও), ডা. তাইবি (আইডি) এবং নার্স শামিমা আক্তার এসে চিকিৎসা শুরু করেন।
পরিবারের অভিযোগ, একটি ইনজেকশন দেওয়ার পর শিশুটির শরীরে কাঁপুনি শুরু হয় এবং মুখ নীল হয়ে যায়। এ সময় শিশুটির মা ওষুধ আনতে বাইরে গেলে ফিরে এসে সন্তানের মৃত্যুর খবর পান।
শিশুটির মা শারমিন আক্তার বলেন, “আমি আমার নিষ্পাপ শিশুর মৃত্যুর বিচার চাই।”
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, “ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”