ফুলবাড়ীয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজের প্রায় ১০ দিন পর বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত সদস্য রাকিব রায়হান তালুকদারের (রায়হান) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের সদস্যরা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত রাকিব রায়হান তালুকদার উপজেলার সোয়াইতপুর গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হন রাকিব রায়হান তালুকদার। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।
এর আগে ফুলবাড়িয়া থানা পুলিশ উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রাকিব রায়হানের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিং উদ্ধার করে। এতে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে ওঠে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তাঁর পাসপোর্ট জব্দ করে তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাকিব রায়হান তালুকদারের মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফুলবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।