অপরাধ

আমঝুপিতে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

আমঝুপিতে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং তাঁর অনুসারীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সদস্যদের অনুমোদন ছাড়া প্রকল্পের বিল দিতে অস্বীকৃতি জানানোয় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত প্যানেল চেয়ারম্যান।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে ফয়সাল নামে এক যুবকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে।

জানা যায়, আমঝুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাসেম এবং ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য বনি খাতুনের নামে দুটি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট সদস্যদের পরিবর্তে সাইফুল ইসলাম ওই দুটি প্রকল্পের কাজ করেন।

পরে সংশ্লিষ্ট সদস্যদের অনুমোদন ছাড়া প্রকল্পের বিল উত্তোলনের জন্য রোববার সকালে সাইফুল ইসলাম, তাঁর ভাই শফিকুল ইসলামসহ ১০ থেকে ১২ জনের একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।

অভিযোগ অনুযায়ী, এ সময় সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে বিল দেওয়ার জন্য চাপ দেন। প্যানেল চেয়ারম্যান বিল দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির একপর্যায়ে সাইফুল ইসলাম, শফিকুল ইসলামসহ তাঁদের সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে মারধর করেন।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করে। পরে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “আমি আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দুটি প্রকল্প অন্য সদস্যদের নামে হয়েছে। সাইফুল সাহেব মেম্বারদের বাদ দিয়ে নিজে কাজ করে বিল তুলে নিতে চাচ্ছেন। আমি বলেছি, কোনো মেম্বারের অনুমোদন নেই, মেম্বারদের মিটিং নেই—এ ধরনের বিল আমি করব না। এ বিষয় নিয়ে রাগারাগির একপর্যায়ে পরিষদের সচিব ও নিরাপত্তাকর্মীদের সামনে আমাকে মারধর করা হয়।”

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, খবর পাওয়ার পরপরই প্যানেল চেয়ারম্যানকে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ফৌজদারি অপরাধ করেছেন, যা তিনি করতে পারেন না।