কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা বিরল প্রজাতির ‘হাঁসপা তক্ষক’ উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ও রাইখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। কাপ্তাই পাল্পউড বন বিভাগ ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী রেঞ্জ কর্মকর্তা প্রীতিময় চাকমা এবং তিনছড়ি বিট কাম রাইখালী ডিপো কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দেওয়ানের নেতৃত্বে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে আটকে রাখা বিরল প্রজাতির হাঁসপা তক্ষকটি উদ্ধার করা হয়। এ সময় এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উদ্ধারকৃত তক্ষকটি রাইখালী রেঞ্জে হস্তান্তর করা হয়। পরে রাইখালী রেঞ্জ কর্মকর্তা প্রীতিময় চাকমা এবং বিট কর্মকর্তা ফিরোজ আল-আমিনের উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে রাইখালী রেঞ্জের অধীন গহীন অরণ্যের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে অবমুক্ত করেন।
কাপ্তাই পাল্পউড বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সম্পদ। বিরল ও বিলুপ্তপ্রায় কোনো বন্যপ্রাণী ধরা, কেনাবেচা বা পাচার করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গুরুতর অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ছবি: উদ্ধার করা বিরল প্রজাতির হাঁসপা তক্ষক।