মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্যামকুড় গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৯ বছর বয়সী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২ আগস্ট সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে শ্যামকুড় গ্রামের ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় শিশুর চিৎকার ও স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের দাবি, শান্ত ইসলাম (১৯) নামের এক যুবক শিশুটিকে ধর্ষণকালে হাতেনাতে ধরা পড়ে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অভিযুক্ত শান্ত ইসলামকে ধরে গণধোলাই দেন। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে জনতা ও স্বজনদের কবল থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অভিযুক্ত শান্ত ইসলাম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে মনিরামপুর থানা পুলিশ জানিয়েছেন আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অপ্রাপ্তবয়স্ক শিশুকে নির্যাতনের এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।