জামালপুর প্রতিনিধি :
সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। আবুল কালাম আজাদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা মামলার আসামি রেজাউল করিমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।