জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর উক্ত অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সফরে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সফরসূচি অনুযায়ী জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তার এক পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।




