রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গোদারপাড় বায়তুল আমান জামে মসজিদ ভেঙে ফেলার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মসজিদটি পুনঃস্থাপন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সম্প্রতি বেতবুনিয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের একটাই দাবি, আমাদের ঐতিহ্যবাহী মসজিদ আমরা ফেরত চাই।” তারা প্রশাসনের প্রতি আইনানুগ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান এবং মসজিদটি পুনরুদ্ধারের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গোদারপাড় এলাকার বায়তুল আমান জামে মসজিদটি ১৯৮৭ সালে নির্মিত হয়। এরপর থেকে গ্রামের প্রায় দুই থেকে তিনশ পরিবার সেখানে জুমার নামাজসহ নিয়মিত ইবাদত করে আসছিলেন। তাদের দাবি, ২০২৪ সালের আগস্টের পরবর্তী সময়ে মসজিদসংলগ্ন ‘জামিয়াতুল শায়েখ জমির উদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসা’ কর্তৃপক্ষের নির্দেশে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মসজিদটির দখল নেন। পরে চলতি বছরের ২৬ জুন মসজিদটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় বলেও তারা অভিযোগ করেন।
এ অভিযোগের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে স্থানীয় মুসল্লিরা গত ২৬ জুন ২০২৬ রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত ‘জামিয়াতুল শায়েখ জমির উদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসা’ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।