আইন ও আদালত

পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলার দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা জেলা প্রশাসকের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া স্থানীয় বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়।

বক্তাদের দাবি, গত ২৪ জুলাই ২০২৬ সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। পরে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেন। একই ঘটনায় গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগও করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব ঘটনার কারণে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দেন।

মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম বা তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।