কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই (নি.) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন সওদাগর (৪৮)-কে উত্তর সতানন্দি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, এসআই (নি.) আবু বাকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকা থেকে মহিউদ্দিন (২২)-কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে এসআই (নি.) মিনহাজুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮)-কে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ দুই অভিযানে মোট ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া এসআই (নি.) মনির হোসেনের নেতৃত্বে বিটেশ্বর এলাকা থেকে নিয়মিত চুরি মামলার দুই আসামি লোকমান গুলজার (২৫) ও মো. হালিম (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।
একই দিনে এসআই (নি.) কমল কৃষ্ণের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মো. লিটন দেওয়ান (৪০)-কে উত্তর গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।