আইন ও আদালত

বিলাইছড়িতে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

বিলাইছড়িতে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

বিলাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বিলাইছড়িতে বিজিবির অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ৪১ বিজিবি, কাপ্তাইয়ের আওতাধীন বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আনছারুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বিলাইছড়ি থানাধীন ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছেন।

খবর পেয়ে সুবেদার মো. আনছারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্র ফেলে রেখে পালিয়ে যান বলে সূত্রটি জানিয়েছে।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রটি পরে বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।

বিলাইছড়ি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) সিরাজুল ইসলাম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪১ বিজিবি, কাপ্তাইয়ের আওতাধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আনছারুল হক বাদী হয়ে ৩০ জুলাই দুপুর ১২টা ১০ মিনিটে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯এ ধারায় বিলাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর ১।