আইন ও আদালত

মিথ্যা লাইসেন্স তথ্যে লাইভ বেকারিকে জরিমানা

মিথ্যা লাইসেন্স তথ্যে লাইভ বেকারিকে জরিমানা

রংপুর প্রতিনিধি:

বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে রংপুর মহানগরীর লাইভ বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আমেরতলা-মুলাটোল এলাকার রংপুর লাইভ বেকারি পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে দাবি করলেও তা সঠিক নয় বলে প্রমাণিত হয়।

ভোক্তা ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) তাদমিরা শারমিন।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং বাজারে প্রতারণা রোধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।