শেরপুর প্রতিনিধি
শেরপুরের কৃতিসন্তান আইনজীবী এ. আর. এম. কামরুজ্জামান কাকন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি শেরপুর জেলা শহরের বাগরাকসা মহল্লার মো. আব্দুল কাদের ও মরহুমা রেহানা বেগমের সন্তান। তিনি দীর্ঘদিন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহোদর ভাই মো. কামরুল হাসান বর্তমানে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ. আর. এম. কামরুজ্জামান কাকন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালের ১৫ ডিসেম্বর তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন।
২০১৫ সালের ১১ এপ্রিল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১২ নভেম্বর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
এ ছাড়া তিনি ইংল্যান্ড ও ওয়েলসের দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এর একজন সম্মানিত সদস্য। অতি শিগগিরই তিনি লিংকনস ইন-এর আনুষ্ঠানিক ‘কল টু দ্য বার’-এ অংশগ্রহণের মাধ্যমে ব্যারিস্টার-অ্যাট-ল’ হিসেবে সনদ গ্রহণ করবেন।