জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত কৃষি উপকরণ সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় রাফিউল ইসলাম রিফাত (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত রাফিউল ইসলাম রিফাত মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ ফকিরবাড়ি এলাকার জহরুল ফকিরের দ্বিতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই দুপুরে রিফাত বিষাক্ত কৃষি উপকরণ সেবন করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। নিবিড় পরিচর্যা সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র আরও জানায়, মোটরসাইকেল কেনা ও উন্নত দেশে যাওয়ার বিষয়ে রিফাত পরিবারের কাছে ১৫ থেকে ২০ লাখ টাকা চেয়েছিলেন। পরিবার এ অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বিভিন্ন সময় আত্মহানির হুমকি দিতেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
রিফাত স্থানীয় সিংদহ তাহমিনা হাসান আমিনুর রহমান উচ্চবিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন। পরে ২০২১ সালে জামালপুরের একটি বেসরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বাড়িতেই অবস্থান করছিলেন। গত বছরের ডিসেম্বরে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।