আইন ও আদালত

লোহাগড়ায় গৃহবধূ হত্যা, স্বামীর আত্মসমর্পণ

লোহাগড়ায় গৃহবধূ হত্যা, স্বামীর আত্মসমর্পণ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. জসিম শেখের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম ওই গ্রামের সিদ্দিক মীরের মেয়ে এবং অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জেসমিন বেগম ও জসিম শেখের বিয়ে হয়। তাঁদের একটি ৮ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে জেসমিন বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রীকে হত্যার কথা জানান।

পরে আহত অবস্থায় জেসমিন বেগমকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করার পর জসিম শেখ থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে তাঁর স্ত্রী মারা যান। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।