নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে স্বামী-স্ত্রীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোণা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামের মো. রুবেল মিয়া ও তাঁর স্ত্রী রুমা আক্তার মৌ।
নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রুবেল মিয়ার নিজ দখলীয় বসতঘরের ভেতর থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তাঁদের আটক করা হয়।
রোববার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
ঘটনাস্থলে নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে আসামিদের দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রীকে পরে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।