আইন ও আদালত

সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার

সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার

কোটালীপাড়া প্রতিনিধি:

দৈনিক আমার দেশ-এর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী ইয়াসিন ফকির মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিচারক রাইসা সরকার আবেদনটি মঞ্জুর করেন।

জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ-এ একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ক্ষোভের বশবর্তী হয়ে ঠিকাদার ইয়াসিন ফকির ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার বাদী ঠিকাদার ইয়াসিন ফকির বলেন, তিনি উপলব্ধি করেছেন, মামলাটি ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। এ কারণে তিনি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেছেন।

ইয়াসিন ফকির আরও বলেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে তাঁর কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।

মামলা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশ করতে গিয়ে তাঁর বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা করা হয়েছিল, বাদী নিজেই আদালতে তা প্রত্যাহারের আবেদন করেছেন এবং আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। তাঁর দাবি, তিনি শুরু থেকেই মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক বলে আসছিলেন এবং মামলাটি প্রত্যাহারের ঘটনায় তাঁর সেই বক্তব্যের প্রতিফলন ঘটেছে।

তিনি আরও বলেন, সাংবাদিকের কাজ হলো অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা। এ দায়িত্ব পালন করতে গিয়ে মামলা কিংবা কোনো ধরনের চাপ এলেও সত্য প্রকাশ থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে যেতে চান বলে জানান তিনি।

এদিকে মামলাটি প্রত্যাহারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মামলা দায়ের করে তাঁকে পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা উচিত নয়। অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে তাঁদের সংগঠন পাশে থাকবে বলেও জানান তিনি।