আইন ও আদালত

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত মো. রেজাউল করিমকে (৪৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলামের আদালত এ আদেশ দেন। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সুমন কুমার চ্যাটার্জির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী শাহজালাল মুন্সি রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহার সূত্রে জানা যায়, মো. রেজাউল করিম সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল হিসেবে কর্মরত। গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এজাহারে বলা হয়, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।