গ্রেফতারকৃত পুলিশ সদস্যরা হলেন:
-
ওমর আলী: সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা (চাকরি থেকে বরখাস্ত)।
-
মিথুল ইসলাম: দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা (রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত)।
যেভাবে ধরা পড়ল:
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর পায়রা চত্বর সংলগ্ন ‘স্কাই ভিউ হোটেল’-এর একটি কক্ষে অভিযান চালায়।
অভিযানকালে ওই কক্ষের খাট ও বিভিন্ন স্থান তল্লাশি করে ডার্বি সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট এবং ২টি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মামলা ও আদালতের নির্দেশ:
ঘটনাটি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামিকে শুক্রবার বিকালে আদালতে তোলা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে আসামি ওমর আলী এর আগেও চাকরি চলাকালীন মাদকসহ গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছেন।




