রোববার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার বা ‘ডি নোভো ট্রায়াল’-এর বিধান বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—তিন দেশেই অনেক আগেই বাতিল করা হয়েছে। ভারতের মতো একটি দেশ, যাদের নিজস্ব আইনেও এই ব্যবস্থা নেই, তাদের পক্ষ থেকে এমন পরামর্শ আসা অত্যন্ত উদ্ভট।
তিনি উল্লেখ করেন, বিচার চলাকালে কিংবা আপিলের নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়া মোকাবিলার পরামর্শ দিতে পারত। কিন্তু তখন কোনো উদ্যোগ না নিয়ে এখন সব আইনি সময়সীমা শেষ হওয়ার পর পুনর্বিচারের প্রসঙ্গ তোলা অর্থহীন।
আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেন, ১৯৭৩ সালের মূল আইন ও ২০১০ সালের বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বর্তমান সরকার এতে কোনো পরিবর্তন আনেনি। তাই আইনি ভিত্তি ছাড়া কারও ব্যক্তিগত বা কূটনৈতিক পরামর্শে নতুন করে আপিলের সুযোগ সৃষ্টি করার কোনো অবকাশ নেই।




