অন্যান্য

ঈদের উপহার, মুহূর্তে লাখপতি হরমুজা-মাসুদ

ঈদের উপহার, মুহূর্তে লাখপতি হরমুজা-মাসুদ

 ঈদের উপহার, মুহূর্তে লাখপতি হরমুজা-মাসুদ

অনলাইন ডেক্স:

ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই নোয়াখালীর সেনবাগে ঘটল এক ব্যতিক্রমী মানবিক ঘটনা। সহায়তা পেয়ে এক লাখ টাকা করে হাতে তুলে নিয়ে মুহূর্তেই লাখপতি হয়ে গেলেন এই দুই অসহায় মানুষ। আনন্দে, বিস্ময়ে আর আবেগে তাদের চোখ ভিজে ওঠে।

জানা গেছে, সেনবাগ উপজেলার সৈয়দ হারুন ফাউন্ডেশন অসহায় ও হতদরিদ্র মানুষের নামের টোকেন তৈরি করে ২৯ মে  শুক্রবার রাতে সেনবাগের রুহুল আমিন একাডেমিতে লটারির আয়োজন করে। এবার সেই লটারিতে নির্বাচিত হন মাসুদ মিয়া ও হরমুজা বেগম।

পূর্বঘোষণা অনুযায়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন নিজ গাড়িতে করে তাদের বাড়ি থেকে অনুষ্ঠানে নিয়ে আসেন। পরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সম্মান জানিয়ে আয়োজন করা হয় বিশেষ ভোজেরও।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত চার বছর ধরে প্রতি ঈদের পরদিন এমন আয়োজন করে আসছে সংগঠনটি। এ পর্যন্ত ৯ জন অসহায় মানুষকে লাখপতি করেছে ফাউন্ডেশনটি।

এছাড়া অনুষ্ঠানে ‘স্বপ্নের বাজার’ নামে একটি সহায়তা প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত সাতটি পরিবারের সদস্যদের নিজেদের পছন্দমতো বাজার করার সুযোগ করে দেওয়া হয়। বাজারের সবচেয়ে বড় মাছ, মুরগি কিংবা প্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সুবিধাভোগীরা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন বলেন, আল্লাহ আমাকে সফলতা ও সম্পদ দিয়েছেন। আমি সবসময় চেয়েছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ইতোমধ্যে ৯ ওয়ার্ডের ৯ জন লাখপতি হয়েছেন। গতানুগতিক সহায়তার বাইরে ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। এই কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।

রমজানুল ইসলাম বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির শিক্ষক আবদুর সত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সাধন, মির্জা সোলায়মান, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সৈয়দ হারুনের সহধর্মিণী সৈয়দা শেলী, ছোট মেয়ে সৈয়দা তনিমা তাসনিম এবং লাখপতি প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা সৈয়দ রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ